কোটি টাকার পুরস্কার জিতলো ‘মনেরবন্ধু’

১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:১৩  

১ লাখ ইউরো বা প্রায় সোয়া কোটি টাকা পুরস্কার জিতলো মানসিক স্বাস্থ্যের যত্নে সহায়ক বাংলাদেশী উদ্যোগ ‘মনের বন্ধু’। অ্যাপের মাধ্যমে সহজে ও সুলভে তরুণ, নারী এবং বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়েছে ‘টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জ-২০২২’।

মনের বন্ধুর পক্ষে পুরস্কার গ্রহণ করেন উদ্যোগটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদা শিরোপা। তার সঙ্গে ছিলেন মনের বন্ধুর রিসার্চ ও স্ট্র্যাটেজি প্রধান শিখ্‌তী সানী। পুরস্কার তুলে দেন টমি হিলফিগারের প্রধান টমি হিলফিগার।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে টমি হিলফিগারের বৈশ্বিক প্রধান কার্যালয়ে এই পুরস্কার দেয়া হয়। বিচারকদের রায়ে প্রতিযোগিতায় বাংলাদেশের মনের বন্ধু’র সঙ্গে এই পুরস্কার জিতেছে ব্রিটিশ উদ্যোগ কোয়ালা। দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হওয়া, পুড়ে যাওয়া মানুষের জন্য ফ্যাশনেবল প্রস্থেটিক পরিধেয় নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত দেশের ৭৫টি তৈরি পোশাক কারখানার সাড়ে ৩৭ হাজার পোশাক শ্রমিককে একক মানসিক কাউন্সেলিং সেবা দিয়েছে মনের বন্ধু। এর বাইরে প্রায় ২ লাখ পোশাককর্মীকে দলগত কাউন্সেলিং করানো হয়েছে।

এর আগে ইউএন–উইমেন এশিয়া–প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর জেন্ডার ইক্যুয়ালিটি (২০২২), জিজিইএস ইকো গেম চেঞ্জার অ্যাওয়ার্ড (২০২২), কমনওয়েলথ ডিজিটাল হেলথ অ্যওয়ার্ড (২০২১), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে কল ফর নেশন (২০২০) অ্যাওয়ার্ডসহ বেশ কিছু দেশি–বিদেশি স্বীকৃতি পেয়েছে মনেরবন্ধু।